চীনের হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে মোটরচালিত হুইলচেয়ারের সিটে লুকানো ১১ কেজি কোকেন জব্দ করছে কর্মকর্তারা। গত শনিবার ৫১ বছর বয়সী এক ব্যক্তির কাছ থেকে কোকেনগুলো জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ১৫ লাখ ডলার।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, শনিবার ক্যারিবীয় দেশ সিন্ট মার্টেন থেকে প্যারিস হয়ে ওই ব্যক্তি হংকংয়ে আসেন। দুটি লাগেজের মধ্যে একটিতে হুইলচেয়ার নিয়ে আসেন তিনি। পরীক্ষা করার সময় হুইলচেয়ারে সিট নতুন সেলাই করা দেখে বিমানবন্দরে দায়িত্বরত কর্মীদের সন্দেহ হয়। এরপর সেখান থেকে ১১ কেজি কোকেন জব্দ করেন তারা।
আটককৃত ব্যক্তির বরাত দিয়ে কর্মকর্তারা জানান, আটক ব্যক্তি একটি পরিবহন কোম্পানির পরিচালক ছিলেন। স্বাভাবিকভাবে চলাফেরা করতে তাঁর সমস্যা হয়। এ জন্য তিনি হুইলচেয়ারটি তাঁর এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছেন।
কাস্টমস কর্মকর্তারা আরও জানান, মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হলে ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।





