এখন থেকে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মলেন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সব ধরনের ব্যবস্থা করেছি। প্রত্যেকটা বোর্ডের একটা প্রতিযোগিতা থাকে, মূলত সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক উন্নতির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষাব্যবস্থা করা হয়েছে। ‘শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না’—মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষার সময় সমস্যা হলে তার জন্য ব্যবস্থা নেওয়া আছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় ঝড়, অতিবৃষ্টি, বন্যা অথবা যে কোনো দুর্যোগ হলে বিকল্প ব্যবস্থা রাখব। প্রশ্নপত্র তো আগেই পৌঁছে যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীন ফেরদৌসী প্রমুখ।





