মৃত্যুর আগ পর্যন্ত টানা কাজ করে যাওয়ার একটি রেওয়াজ বহুদিন ধরেই চলে আসছে জাপানে। জাপানিরা কঠোর পরিশ্রমী হিসেবেই অধিক পরিচিত। কিন্তু জনসংখ্যা কমার কারণে শ্রমসংকট দেখা দিয়েছে দেশটিতে। এই সংকট কাটাতে কর্মক্ষেত্রে সপ্তাহে তিন দিন ছুটির চিন্তা করছে জাপান সরকার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি বলছে, সাপ্তাহিক কর্মদিবস কমাতে ২০২১ সালেই চিন্তাভাবনা করেছিল জাপান সরকার। এতে সমর্থন ছিল আইনপ্রণেতাদেরও। কিন্তু পরে আর এ নিয়ে তেমন আলোচনা হয়নি। মাঝে করোনাকালে হোম অফিস চালু হয়। এরপর বিষয়টি নিয়ে আলোচনা বন্ধ হয়ে যায়।
এবার আবারও সপ্তাহে তিন দিন ছুটি রাখার চিন্তা করছে জাপান সরকার। দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাপানের প্রায় ৮ শতাংশ কোম্পানি কর্মীদের সপ্তাহে তিন বা এর বেশি দিন ছুটি নেওয়ার অনুমতি দেয়। তবে ৭ শতাংশ কোম্পানি তাঁদের কর্মীদের বাধ্যতামূলকভাবে এক দিন ছুটি দেয়।
ছোট ও মাঝারি আকারের ব্যবসায় আরও বেশি ক্রেতার আশায় সরকার ‘কাজের ধরন সংস্কার’ প্রচারাভিযান চালু করেছে। এতে ওভারটাইমের সীমা এবং সবেতন বার্ষিক ছুটিসহ কম ঘণ্টা কাজ এবং অন্যান্য ব্যবস্থার কথা বলা হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে বলেও জানা যায়।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সম্পর্কে বলা হয়েছে, ‘এমন একটি সমাজ নির্মাণ করা হবে, যেখানে শ্রমিকেরা তাঁদের পরিস্থিতির ওপর ভিত্তি করে বিভিন্ন কাজ বেছে নিতে পারবেন। কর্মীদের ভবিষ্যৎ যেন আরও ভালো হতে পারে, সে জন্য প্রবৃদ্ধি ও বণ্টনের একটি পুণ্য চক্র তৈরি করতে হবে।’
কিন্তু এ পর্যন্ত মাত্র তিনটি প্রতিষ্ঠান এ ব্যাপারে আলাপ করতে আগ্রহ দেখিয়েছে।





