Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

রাবির ডাইনিংয়ে ফের বাড়ল খাবারের দাম

admin • 09 Jan 2024, 09:54 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাবির ডাইনিংয়ে ফের বাড়ল খাবারের দাম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাবারের গুণগতমান ঠিক রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গত ১২ ডিসেম্বরে প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় ৪ নম্বর সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৫ জানুয়ারি থেকে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

 

সভা সূত্র জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাবারের মান বৃদ্ধির জন্য আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানো হয়েছে। দুপুরের খাবার ২৮ টাকা থেকে ৩৫ টাকা এবং রাতের খাবার ২২ টাকা থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে দু’বেলায় ১০ টাকা বাড়ানো হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, অবশ্যই খাবারের মান বাড়াতে হবে। সব হলে খাবারের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।

 

দাম বাড়ানোর বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ফলে কর্মচারীরা ডাইনিং চালাতে হিমশিম খাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে দাম বাড়ানোর বিষয়টি বলে আসছিলেন।

   

এদিকে দাম বাড়ানো হলে শিক্ষার্থীদেরও সমস্যা। তাই শিক্ষার্থী ও ডাইনিং কর্মচারীদের কথা চিন্তা করে দু’বেলা খাবারে ১০ টাকা বাড়ানো হয়েছে। ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধি ও প্রতিদিন আলাদা খাবারের তালিকা তৈরি করার শর্তে দাম বাড়ানো হয়েছে।

   

এর আগে, গত জুলাই মাসের ১ তারিখে প্রথম দফায় দু’বেলা খাবারের দাম ৮ টাকা বাড়ানো হয়েছিল। দুপুরের খাবার ২৪ টাকা থেকে ২৮ টাকা এবং রাতের খাবার ১৮ টাকা থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে আবারও দ্বিতীয় দফায় খাবারের দাম বাড়ানো হয়েছে।

 

এদিকে, হল প্রশাসনের এমন সিদ্ধান্তকে নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দাম বাড়ানোর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট করতে দেখা যায় শিক্ষার্থীদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।