Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

রাবিতে ছাত্ররাজনীতি স্থগিত ঘোষণা

admin • 17 Jul 2024, 08:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাবিতে ছাত্ররাজনীতি স্থগিত ঘোষণা

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্ররাজনীতি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে তিনি এ ঘোষণা দেন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের হল ছাড়ার বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি মানতে রাজি হননি উপাচার্য। এ বিষয়ে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তচিন্তার জায়গা।

এখানে রাজনীতি থাকবে, এটাই স্বাভাবিক। তবে ছাত্রদের দাবির বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। এ ছাড়া সরকার থেকে দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা এসেছে। আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে হল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি।

হল ত্যাগের নির্দেশনা বাতিল করতে হলে ইউজিসির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যারা আছেন তাদের অনুমতিতেই বলছি, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্যাম্পাসে আপাতত ছাত্ররাজনীতি স্থগিত করছি। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানিয়ে দেওয়া হবে।’

এর আগে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পরিপ্রেক্ষিতে রাবি শিক্ষার্থীরা দুপুর ২টা ৪৫ মিনিটে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করেন।

বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল প্রশাসনিক ভবনে প্রবেশ করে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার এক পর্যায়ে ক্যাম্পাসে রাজনীতি স্থগিত রাখার ঘোষণা দেন উপাচার্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।