রাজধানীর মিরপুরে সাইফুল ইসলাম সায়মন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালে যুবকের মামা মো. রাশেদুল ইসলাম জানান, রাশেদের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। বাবার নাম বজলুর রহমান। বর্তমানে স্ত্রী সায়মা আক্তার ও এক মেয়েকে নিয়ে মিরপুর ১২ সি ব্লক পুরাতন থানার পাশে থাকতো। সায়মন দীর্ঘদিন দুবাই থাকার পর গেল তিন বছর আগে দেশে আসে। এরপর সৌদি আরব যাওয়ার চেষ্টায় ছিলেন।
তিনি আরও জানান, সন্ধ্যার দিকে বাসার পাশেই দুটি মোটরসাইকেলে কয়েকজন এসে সায়মনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে সায়মনকে দ্রুত স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান।
নিহত সায়মনের মা সেলিনা বেগম জানান, সায়মন কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। এলাকায় কোনো শত্রুতাও ছিল না। কারা তার সন্তানকে হত্যা করলো তিনি জানেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মিরপুর এলাকা থেকে এক যুবককে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ত্রাসীরা ওই যুবককে কুপিয়েছে বল স্বজনরা জানান। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।





