গরমের তীব্রতায় নাভিশ্বাস উঠেছে যশোরের সাধারণ মানুষের। ব্যারোমিটারে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সূর্য যেন অগ্নিবর্ষণ শুরু করছে। ঘরে-বাইরে সমান গরম অনুভূত হওয়ায় শ্রমজীবী ও সাধারণ মানুষ পড়েছেন বিপাকে।
আবহাওয়া অফিস জানায়, গত দশ দিন ধরে ৩৫ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে। আজও একই অবস্থা বিরাজ করছে।
এদিকে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় বিপর্যস্ত দেখা গিয়েছে। পবিত্র মাহে রমজানে তীব্র তাপদাহে ধর্মপ্রাণ মুসলমান রোজাদার ব্যক্তিরা বেকায়দায় পড়েছে।
সবচেয়ে বেশি বিপর্যস্তের মধ্যে পড়েছে খেটে খাওয়া-শ্রমজীবী মানুষরা। অনেকে গরম থেকে বাঁচতে বাইরে বের হলে ব্যবহার করছেন ছাতা। শিশু-কিশোররা গরমের তীব্রতা সহ্য করতে না পেরে বারবার গোসল করছেন।





