সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের লাশ অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা নেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করতে ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে মরিয়মের পরিবারকে। পরিবারের অভিযোগ, এই সংকটের মধ্যেও এমপি পরিবারের পক্ষ থেকে কেউ তাদের খোঁজ নেয়নি।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মের ফুফা সিকান্দার এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মরিয়মকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে প্রায় ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় ধার করতে হয়েছে।
মরিয়মের ফুফার অভিযোগ, পরিবারের এমন কঠিন পরিস্থিতির মধ্যেও এমপি পরিবারের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। জাতীয় সংসদ ভবনের উল্টো দিকে অবস্থিত ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় এমপির নামে বরাদ্দ করা ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষের সিলিং ফ্যানে ঝুলছিল তার মরদেহ।
রোববার বিকেলে পুলিশ খবর পেয়ে ওই ফ্ল্যাটে যায়। রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।





