ভারতের নাগপুরে বান্ধবীর সঙ্গে হোটেলে গিয়ে প্রাণ হারিয়েছেন ৪১ বছর বয়সী এক ব্যক্তি। বলা হচ্ছে, তিনি মদের সঙ্গে যৌনক্ষমতাবর্ধক ওষুধ খেয়েছিলেন। ওষুধের প্রতিক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।
‘জার্নাল অব ফরেন্সিক অ্যান্ড লিগ্যাল মেডিসিন’-এ সম্প্রতি প্রকাশিত একটি ‘কেস স্টাডি’র বরাত দিয়ে ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, ৪১ বছর বয়সী ওই ব্যক্তি নাগপুরের একটি হোটেলে উঠেছিলেন তার বান্ধবীর সঙ্গে। সেখানেই মদের সঙ্গে তিনি খেয়ে ফেলেন দুটি ‘সিল্ডেনাফিল’-এর ৫০ মিলিগ্রামের ট্যাবলেট। যা ‘ভায়াগ্রা’ ব্র্যান্ড নাম দিয়ে বাজারে বিক্রি হয়। ওষুধগুলো খাওয়ার পর দিন সকাল থেকেই ওই ব্যক্তির শরীর খারাপ হতে শুরু করে। ঘন ঘন বমি করতে থাকেন। সেই সময় তাঁর বান্ধবী তাঁকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন।
জার্নালের প্রতিবেদনে লেখা হয়েছে, আগেও তাঁর এমন উপসর্গ হয়েছে জানিয়ে বান্ধবীর পরামর্শ মানতে চাননি ওই ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই অবস্থা গুরুতর হয়ে পড়ে। তখন দ্রুতই তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওই প্রতিবেদনে জানানো হয়, ‘সেরিব্রোভাস্কুলার হ্যামারেজ’-এ মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এর অর্থ, মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ ব্যাহত হওয়া।
ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, মদ এবং ওই যৌনক্ষমতাবর্ধক ওষুধের মিশ্রণ বিক্রিয়া ঘটিয়েছে ওই ব্যক্তির শরীরে। উচ্চ রক্তচাপের সমস্যা থাকায় সেই বিক্রিয়াকে প্রশমিত করার ক্ষমতা ছিল না তাঁর শরীরের। ফলে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বিঘ্নিত হয়েছে। শেষ পর্যন্ত তাতেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
সূত্র : আনন্দবাজার





