Sunday, 4 October 2026
শিরোনাম
জাতীয়

ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম

• • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম
ছবি সংগৃহিত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নামে পরিচালিত অনুমোদনহীন সব ফেসবুক পেজ ও গ্রুপ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসব অননুমোদিত পেজ ও গ্রুপ ৭ দিনের মধ্যে বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

মাউশি জানিয়েছে, মাউশির একমাত্র অনুমোদিত ফেসবুক পেজ হলো ‘Directorate of Secondary and Higher Education DSHE’ (https://www.facebook.com/dshe.moebd)। পেজটিতে বর্তমানে ১ লাখ ১৫ হাজার ফলোয়ার রয়েছে। এর বাইরে মাউশির নামে পরিচালিত কোনো ফেসবুক পেজ অনুমোদিত নয়।

 

 

রবিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাউশি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নজরে এসেছে যে, বিভিন্ন ব্যক্তি কর্তৃক “মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর”, “মাউশি” অথবা “Directorate of Secondary and Higher Education DSHE” অথবা অনুরূপ নাম, পরিচিতি, লোগো/প্রতীক ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ফেইসবুক পেইজ ও গ্রুপ পরিচালনা করা হচ্ছে। এসব পেইজ/গ্রুপের কোনটিই মাউশি কর্তৃক অনুমোদিত বা পরিচালিত নয় এবং এসব পরিচালনার ক্ষেত্রে অধিদপ্তরের কোনো সংশ্লিষ্টতা নেই বা পূর্বানুমতি গ্রহণ করা হয়নি। প্রকৃতপক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের “Directorate of Secondary and Higher Education DSHE" (https://www.facebook.com/dshe.moebd) নামে অফিসিয়াল ফেইসবুক পেইজ ছাড়া আর কোনো অনুমোদিত পেইজ নেই।

 

এতে বলা হয়, উল্লিখিত অননুমোদিত ফেইসবুক পেইজ/গ্রুপসমূহে কোনো কোনো ক্ষেত্রে মাউশির দাপ্তরিক সিদ্ধান্ত, আদেশ, বিজ্ঞপ্তি বা কার্যক্রম সম্পর্কে অনুমোদনহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এছাড়াও কোনো কোনো পেইজ/গ্রুপে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অশালীন, মানহানিকর, আপত্তিকর ও অসত্য বক্তব্য এবং রাষ্ট্র ও সরকার সম্পর্কিত বিভিন্ন ধরনের অনভিপ্রেত বক্তব্য/মন্তব্য প্রকাশ করা হচ্ছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন সাধারণ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি ও দাপ্তরিক তথ্যের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে।

 

 

এতে আরও বলা হয়, এই বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে অধিদপ্তরের পূর্বানুমোদন ব্যতীত মাউশির নাম, সংক্ষিপ্ত নাম, লোগো, প্রতীক বা দাপ্তরিক পরিচয় ব্যবহার করে কোনো ফেইসবুক পেইজ/গ্রুপ পরিচালনাসহ সকল কার্যক্রম বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো। এরপরও কোনো ব্যক্তি/ব্যক্তিবর্গ কর্তৃক অননুমোদিতভাবে মাউশির নাম ও পরিচয় ব্যবহার করে ফেইসবুক পেইজ/গ্রুপ পরিচালনা এবং আইনবিরোধী বা আপত্তিকর কার্যক্রম অব্যাহত রাখা হলে, কোনো প্রকার অতিরিক্ত সতর্কীকরণ ব্যতিরেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের এটিকে ‘সর্বশেষ সতর্কতা’ হিসেবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে অননুমোদিত কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।