Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করে দিলেন শেখ হাসিনা

admin • 06 Aug 2023, 10:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করে দিলেন শেখ হাসিনা

দলের বিশেষ বর্ধিত সভা থেকে ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করে দিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন থেকে ভারপ্রাপ্ত সভাপতি/সাধারণ সম্পাদকরা ভারমুক্ত, অর্থাৎ পূর্ণ সভাপতি/সাধারণ সম্পাদক হিসেবে গণ্য হবেন।

আজ রোববার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় এ ঘোষণা দেন।

সভায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস আওয়ামী লীগ সভাপতির কাছে পূর্ণাঙ্গ দায়িত্ব চান।

এ সময়ে তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেন শেখ হাসিনা।

এরপর আরও একাধিক জেলার ভারপ্রাপ্ত সভাপতিও পূর্ণাঙ্গ দায়িত্ব চান। এ সময়ে শেখ হাসিনা ঘোষণা দেন, সকল জেলা, মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা ভারপ্রাপ্ত হিসেবে আছেন তাদের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়ার।

তিনি বলেন, ‘আপনাদের ভারমুক্ত করে দিলাম। আজকের বৈঠকে সবার সম্মতিতে ভারমুক্ত করে দিলাম। ’

সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক, সংসদ সদস্য, আওয়ামী লীগের মনোনয়নে অথবা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

দলীয় একাধিক সূত্র জানায়, সভায় দলের মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য উপস্থিত নেতাদের দুই হাত তুলে প্রতিজ্ঞা করতে বলেন শেখ হাসিনা। এ সময়ে উপস্থিত নেতারা হাত তুলে প্রতিজ্ঞা করেন।

জনপ্রিয় ব্যক্তি ও সাবেক ছাত্রলীগ নেতাদের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। সভার একাধিক সূত্র জানায়, তৃণমূলের একাধিক নেতা বর্ধিত সভায় বক্তব্যে ত্যাগী, জনপ্রিয় ব্যক্তি ও দুর্দিনের ছাত্রলীগের নেতাদের মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।