Sunday, 22 November 2026
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ নড়াইলের বেন্দারচরে হিন্দু বসতিই নাই, বাড়ি ভাঙচুরের খবর মিথ্যা: পুলিশ রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি মাত্র ছয় আনা স্বর্ণের জন্য বৃদ্ধাকে হত্যা, কান-নাক কেটে নিল ছিনতাইকারীরা প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীকে সেলাই মেশিন উপহার দিল বসুন্ধরা শুভসংঘ আশুলিয়ায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, শ্রমিকদের বিক্ষোভ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি সম্মান-সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি সম্মান-সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী
ছবি সংগৃহিত

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য রাষ্ট্র তার সাধ্য ও সক্ষমতা অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

 

শনিবার (২১ নভেম্বর) সশস্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মান করা রাষ্ট্রের দায়। আপনাদের সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় মোচনের চেষ্টা করছে। আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমিও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব এবং সাফল্য সব সময় আমাকে আন্দলিত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেও গর্বিত।

 

 

তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়। তিনি আরও বলেন, বিএনপি সরকারে থাকাকালীন সব সময় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।

 

 

তিনি বলেন, মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত রাখতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। প্রমাণিত হয়েছে, এটি ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত। ২০০২ সালে প্রণয়ন করা হয়েছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।

 

বয়সের ভারে ক্লান্ত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, জীবনসায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার দীপ্তি জ্বলজ্বল করছে। এই জীবন্ত কিংবদন্তিদের প্রতিবছর আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর উদ্যোগ নেওয়ায় সশস্ত্র বাহিনী বিভাগকে প্রশংসা ও ধন্যবাদ জানান তিনি।

 

ভবিষ্যৎ অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাহসে অর্জিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

 

এ সময় বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।