Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিএনপি নেতাকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

admin • 07 Apr 2026, 05:24 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিএনপি নেতাকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির এক নেতাকে মারধরের অভিযোগে সুন্দরদীঘি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল। সোমবার (৬ এপ্রিল) রাতে দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

 

নোটিশে বলা হয়, দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অধীন সুন্দরদীঘি ইউনিয়ন শাখা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাতাব উদ্দীন খানকে ব্যবসায়িক কাজের কথা বলে ঠাকুরগাঁওয়ে ডেকে নিয়ে মারধর ও শারীরিকভাবে হেনস্তা করেন।

 

এ ঘটনায় রাশেদুল ইসলামের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে সংগঠনের স্থায়ী কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

অভিযোগের বিষয়ে সুন্দরদীঘি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম বলেন, এসব ভিত্তিহীন অভিযোগ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে এ ঘটনায় আমার নাম জড়ানো হয়েছে। এদিকে ভুক্তভোগী চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাতাব উদ্দীন খান বলেন, রাশেদুলের ভাইয়ের কাছে আমি টাকা পাই। এ বিষয়ে আমি রাশেদুলের কাছে অভিযোগ দিয়েছিলাম, কিন্তু সে কোনো সমাধান দেয়নি।

 

আমাকে ঠাকুরগাঁও ডেকে নিয়ে যে মারধর করা হয়েছে, এর সঙ্গে রাশেদুল জড়িত। এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন বলেন, রাশেদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব না দিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, গত ২৫ মার্চ ভুক্তভোগী মাহাতাব উদ্দীন অভিযুক্ত ছাত্রদল নেতা রাশেদুল ইসলামের ভাই রাকিবুলের কাছে পাওনা টাকা নিতে ঠাকুরগাঁও যান। এ সময় টাকা না দিয়ে রাকিবুলসহ প্রায় ১৫-২০ জন মাহাতাব উদ্দীন, তার স্ত্রী ও সন্তানের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ছাত্রদল নেতা রাশেদুল ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগও ওঠে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।