Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিএনপির নেতাকর্মীদের পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ, আহত ১০

admin • 28 Jun 2026, 01:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিএনপির নেতাকর্মীদের পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ, আহত ১০

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির একটি মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এসময় বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

 

শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ- ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

 

আহতদের মধ্যে রয়েছেন দাশপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২), ছাত্রদলের সহ-সভাপতি রাসেলসহ (৩০) আরও কয়েকজন। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

  বিএনপি নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল নিয়ে একটি শোডাউন বের করা হয়। মিছিলটি বাংলাবাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দাশপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে একদল হামলাকারী অতর্কিতভাবে তাদের ওপর আক্রমণ চালায়।   দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ মোটরসাইকেল শোডাউন করছিলাম। দাশপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত ১০ জন আহত হয়েছেন।’   উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, ‘স্থানীয় হেলাল রাড়ী, রিয়াজ সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা আমাদের ২০ থেকে ২৫টি মোটরসাইকেলও ভাঙচুর করেছে।’   তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।   বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, হামলার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।