মেয়ে সমকামী। আর একটা মেয়ের সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি মোটেই মানতে পারেননি বাবা-মা। আদালত তাদের কাউন্সেলিংয়ের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত সমকামী জুটিকে একসঙ্গে থাকার নির্দেশ দিলেন ভারতের দিল্লি হাইকোর্ট।
বিচারপতি সুরেশকুমার কাইত এবং বিচারপতি নীনা বনসলের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ— ওই তরুণীর বয়স ২২ বছর। মা-বাবা তার সম্পর্ক মানতে নারাজ হলেও তরুণীর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আছে।
একই মামলায় এর আগে হাইকোর্ট জানান, সমকাম কোনও অসুখ নয়। ওই সমকামী যুগল এই সমাজেই থাকতে পারেন। তাদের নিজেদের পছন্দে জীবন যাপন করার অধিকার আছে। জোর খাটিয়ে ওই যুগলকে আলাদা করা যাবে না।
আনন্দবাজার অনলাইন জানিয়েছে, সঙ্গীর বাবা-মায়ের বিরুদ্ধে মামলাটি করেছিলেন অপর তরুণী। আদালতে তিনি জানান, বাবা-মায়ের জন্য তার সঙ্গী পছন্দের মানুষের সঙ্গে থাকতে পারছেন না। এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে তাকে চাপ দেওয়া হচ্ছে।
এই মামলায় গত ২২ আগস্ট হাইকোর্ট রায় দেন, মেয়ের ইচ্ছা বোঝার জন্য ওই বাবা-মায়ের কাউন্সেলিং করানো হোক। পাশাপাশি ওই তরুণীকেও কাউন্সেলিং করাতে বলেন আদালত।
কিন্তু ২৯ আগস্ট মামলার পরবর্তী শুনানিতে ওই দম্পতি অভিযোগ করেন, তাদের মেয়েকে ক্রমাগত ভুল বোঝাচ্ছেন তার সঙ্গী। বিষয়টি তারা মেনে নিতে অক্ষম। অন্যদিকে ওই তরুণী জানান, তিনি কোনওভাবেই সঙ্গীকে ছেড়ে বাবা-মায়ের কাছে ফিরে যাবেন না। এই প্রেক্ষিতে আদালত এই রায় দেন। এছাড়াও সমকামী যুগল যাতে নিরাপদে থাকতে পারেন, তা দেখার জন্য স্থানীয় থানাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
-সূত্র: আনন্দবাজার





