বিডি ক্লিন বগুড়া টিমের উদ্যোগ এবং বগুড়া সিটি করপোরেশনের সহযোগিতায় করতোয়া নদীতে শহরের ঐতিহাসিক শাহ ফতেহ আলী সেতুতে বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বিডি ক্লিন-এর শতাধিক স্বেচ্ছাসেবী সদস্য এবং বগুড়া সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সংস্কারকৃত এই সেতুর নিচের অংশে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে বিডি ক্লিনের সহযোগিতায় নিয়মিত ও সাপ্তাহিক ভিত্তিতে এমন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
এসময় বিডি ক্লিন রাজশাহী বিভাগের আঞ্চলিক সমন্বয়ক কে এম মাহবুব আলম জিয়ন উপস্থিত ছিলেন। এছাড়া পুরো ইভেন্টে জরুরি স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্রিটমেন্ট পরিচালনা করে বগুড়া যুব রেড ক্রিসেন্ট টিম।





