জামালপুরের মেলান্দহে নাশকতার মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাহানারা লতিফ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল হক লিচু, ঝাউগড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল-মামুন, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সদস্য আরিফুল ইসলাম অপু এবং মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আনিছুর রহমান নাদু।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে হামলা, ককটেল ও পেট্রলবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে। এসব ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ও অস্ত্র আইনে করা নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০২৪ সালে বিস্ফোরক দ্রব্য আইন ও অস্ত্র আইনে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





