দোয়া-মোনাজাত, এক মিনিট নিরবতা, ক্যাম্পাসের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ’সহ নানা কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের চক্রান্তে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্বরণ করলো ইসলামী বিশ্ববিদ্যালয়।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম. আলী হাসান পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ ও ফোরাম, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এর আগে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, শোক-র্যালি ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।





