রাজধানীর ধামরাই পৌর এলাকার ধানসিঁড়ি মহল্লায় জিয়াউর রহমানের মালিকানাধীন একটি চারতলা ভবন পাশের শামসুল হকের মালাকানাধীন একটি ছয়তলা ভবনের ওপরে হেলে পড়েছে। চারতলা ভবনটির দ্বিতীয় তলায় দেখা দিয়েছে ফাটলও। স্থানীয় প্রশাসন দুটি ভবনকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। সরিয়ে নেওয়া হয়েছে ভবন দুটির বাসিন্দাদের।
ধামরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান বলেন, ধানসিঁড়ি আবাসিক প্রকল্পে মিনিমাম ৬০ ফুট পাইলিং করে ভবন নির্মাণের বাধ্যবাধকতা রয়েছে। তবে হেলে পড়া ভবন মালিক তা মানেনি। এমনকি পৌর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে।
পৌর কর্তৃপক্ষ ওই ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বলেও এই জনপ্রতিনিধি।
এদিকে সরেজমিনে আজ রোববার ভবনটির সামনে গিয়ে দেখা যায়, ঝুঁকিপূর্ণ ভবনটি দুটিকে চিহ্নিত করা হয়েছে। আশপাশে রয়েছে পুলিশ সদস্যদের উপস্থিতিও। এরই মধ্যে ভবন দুটি ফাঁকা করা হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলের দিকে চারতলা ভবনটি পাশের ছয়তলা ভবনের ওপর হেলে পড়ার দৃশ্য চোখে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিস, উপজেলা ও পৌর প্রশাসন।
পরে ভবনটি আবাসিক হওয়ায় অবস্থানরত সকলকে ভবন থেকে বের করে দিয়ে দুইটি ভবনকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন পৌর প্রশাসন।
এদিকে, হেলে পড়া ভবন মালিকের ছেলের দাবি—তাদের মুল ভবনের কোনো অংশ হেলে পড়েনি। তাদের ভবনে যাওয়ার রাস্তার ওপর যে গেট নির্মাণ করা হয়েছে সেই গেটের ওপর বর্ধিতভাবে বানানো আবাসিক অংশ হেলে পড়েছে।





