Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুই বছরেও চালু হয়নি ১৯ কোটি টাকার সেতু

admin • 18 Apr 2026, 11:05 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দুই বছরেও চালু হয়নি ১৯ কোটি টাকার সেতু

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারসংলগ্ন ইছামতী নদীর ওপর ১৯ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু দুই বছর পার হলেও এখনও চালু করা যায়নি। সংযোগ সড়ক না থাকায় সেতুটি ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে আছে। ফলে এলাকাবাসী বাধ্য হয়ে পাশের ঝুঁকিপূর্ণ পুরোনো সেতু দিয়েই চলাচল করছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে সেতুটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। ১৯ কোটি ৬৭ লাখ টাকায় ধ্রুব কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়। শর্ত অনুযায়ী সংযোগ সড়কসহ এক বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেতুটি চালু করা সম্ভব হয়নি।

২০২৪ সালের ডিসেম্বর মাসে মূল সেতুর নির্মাণকাজ শেষ হয়। তবে এখনো সংযোগ সড়কের কাজ শুরু করা যায়নি। সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশে কোনো পাকা সড়ক নেই। দুই বছর আগে অল্প কিছু বালু ফেলা হলেও এরপর আর কোনো অগ্রগতি হয়নি। এ অবস্থায় যানবাহন ও সাধারণ মানুষ পাশের সরু ও জরাজীর্ণ একটি পুরোনো সেতু ব্যবহার করছে। সেতুটির রেলিং ভাঙা এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। বড় যানবাহন চলাচলের সময় যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সংযোগ সড়কের জায়গায় থাকা কয়েকটি দোকান সরানো না যাওয়ায় কাজটি আটকে আছে। প্রভাবশালী দোকান মালিকদের কারণে জায়গা দখলমুক্ত করা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। তবে দোকান মালিকরা বলছেন, যথাযথ ক্ষতিপূরণ পেলে তারা দোকান সরিয়ে নেবেন।

 

ঝিটকা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, আমরা কৃষিপণ্য বাজারে আনতে অনেক কষ্ট করি। নতুন সেতু চালু হলে উপকার হতো। কিন্তু এখনও পুরোনো ঝুঁকিপূর্ণ সেতুই ভরসা।

ধ্রুব কনস্ট্রাকশনের প্রকৌশলী সাগর আহমেদ বলেন, ভূমি অধিগ্রহণ ও দখলসংক্রান্ত জটিলতার কারণে সংযোগ সড়কের কাজ শুরু করা যাচ্ছে না। তবে শিগগিরই এসব সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন।

এ বিষয়ে সওজের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল কাদের জিলানী জানান, সংযোগ সড়কের জায়গায় থাকা দোকান উচ্ছেদ এবং ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। এসব জটিলতা নিরসন হলেই দ্রুত কাজ শুরু করা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।