ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। পাকিস্তানের এই অধিনায়ক চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি।
যে কারণে তাকে নিয়ে ঘরে-বাইরে সমালোচনা হচ্ছিল। সোমবার আফগানদের বিপক্ষে ৭৪ রানের ইনিংসে সেই সমালোচনা কিছুটা হলেও এড়ালেন বাবর।
সোমবারের আগে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫০ রান করলেও বাকি তিন ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ রান, শ্রীলংকার বিপক্ষে ১০ রান আর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১৮ রানে ফেরেন বাবার।
তার এমন বাজে পারফরম্যান্সের প্রভাব দলের ওপর ভালোভাবেই পড়ে। যে কারণে বিশ্বকাপে প্রথম চার ম্যাচে দুই জয়ের পর টানা দুই ম্যাচে হেরে খাদের কিনারায় চলে যায় পাকিস্তান।
সোমবার ভারতের চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ৫৬ রানে প্রথম উইকেট পতনের পর দলের হাল ধরেন বাবর আজম। তৃতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি।
তার আগে ওপেনার আব্দুল্লাহ শফিকের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৪ বলে গড়েন ৫৪ রানের জুটি। এরপর চতুর্থ উইকেটে সৌদ শাকিলের সঙ্গে গড়েন ৫৭ বলে ৪৩ রানের জুটি।
এরপর শাদাব খানের সঙ্গে পঞ্চম উইকেটে ৪৭ বলে ৪৩ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন বাবর আজম।
দলীয় ২০৬ রানে আউট হওয়ার আগে ৯২ বলে ৪টি চার আর এক ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করে ফেরেন বাবর আজম। চলতি বিশ্বকাপে এটা তার দ্বিতীয় ফিফটি। তার মানে পাঁচ ম্যাচে বাবর আজমের সংগ্রহ সবমিলিয়ে ১৫৭ রান।





