জামালপুরে মাদকবিরোধী পৃথক দুইটি অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামালপুর জেলা পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জ থানার কাউনিয়ার চর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে মোঃ সাইদুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৩ লাখ টাকা) এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
একই দিন রাত ৮টা ৪০ মিনিটে জামালপুর সদর থানার শেরপুর ব্রিজ-জামালপুর মহাসড়কের ছনকান্দা এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় ১০ গ্রাম হেরোইনসহ আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ মুন্না (৩২), মোঃ আফ্রিদী ইসলাম (৩০), আরিফুল ইসলাম রনি (৪২) ও মোঃ রাশেদ মোশারফ বাবু (৩১)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা। এ ঘটনায় জামালপুর সদর ও দেওয়ানগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, জামালপুরকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





