বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, জামায়াত-শিবিরের নিষিদ্ধের প্রজ্ঞাপন ঘিরে যেকোনো সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে ডিএমপি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বিভিন্ন মোড়ে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। একই সঙ্গে টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে।
এর আগে সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।





