জাপানের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে বেশ নির্ভার মেজাজেই সংবাদ সম্মেলনে হাজির হন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। যদিও এই ম্যাচে স্পষ্ট ফেভারিট হিসেবেই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, তবুও প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে দেখছেন না ইতালিয়ান এই কোচ। খবর আল জাজিরার।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে, নিষ্প্রভ পারফরম্যান্সের পর ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরছে ব্রাজিল। দলের কয়েকজন তারকা ফুটবলারও ফর্মে ফেরার আভাস দিয়েছেন, যা সেলেসাওদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
তবে আনচেলত্তির মতে, চারবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপান বিশ্বের অন্যতম সেরা দল। তাই নকআউটের এই লড়াই মোটেও সহজ হবে না।
রোববার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, 'আমাদের অনেক কিছুর প্রয়োজন- দৃঢ় মানসিকতা, শক্ত হৃদয় এবং পরিষ্কার চিন্তা। নকআউট ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। তাই সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।'
তিনি আরও বলেন, 'আমার বিশ্বাস দল প্রস্তুত। খেলোয়াড়রা দারুণ অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী।'
আনচেলত্তির অধীনেই রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। জাপানকে হারাতে পারলে সেই স্বপ্নপূরণের পথে আরেক ধাপ এগিয়ে যাবে সেলেসাওরা।





