Saturday, 28 November 2026
শিরোনাম
জাতীয়

ছেলের জন্য পাত্রী দেখে আর বাড়ি ফেরা হলো না বাবার

• • পঠিত 2 বার
শেয়ার করুন:
ছেলের জন্য পাত্রী দেখে আর বাড়ি ফেরা হলো না বাবার
ছবি সংগৃহিত

ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্যদের নিয়ে। পাত্রী দেখা শেষে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা পাশের খালে পড়ে প্রাণ হারালেন বাবা হেলাল উদ্দিন (৫০)। এ ঘটনায় তাঁর পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।

 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন নিজেই সিএনজিচালিত অটোরিকশাটি চালাচ্ছিলেন।

 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকা থেকে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে আবুরহাটে যান হেলাল উদ্দিন। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের আরও চার সদস্য। পাত্রী দেখা শেষে পাঁচজন একই অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন। পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে হেলালের নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের পাশের একটি খালে পড়ে যায়।

 

এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালক হেলাল উদ্দিন। দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা পরিবারের অন্য চার সদস্যও আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের কারও হাতে, আবার কারও পায়ে আঘাত লেগেছে।

 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

 

তিনি আরও জানান, নিহত হেলাল উদ্দিনের মরদেহ থানায় রাখা হয়েছে এবং তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে নতুন জীবনের স্বপ্ন নিয়ে বাড়ি ফেরার কথা ছিল হেলাল উদ্দিনের। কিন্তু পথেই থেমে গেল তাঁর জীবন। আনন্দের আয়োজনের পরিবর্তে পরিবারটির ঘরে নেমে এলো শোকের ছায়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।