ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয় বৃহস্পতিবার ১৪ নভেম্বর। তবে নানা অভিযোগের তদন্ত শেষে কমিটি ঘোষণার চতুর্থ দিনেই পদ হারিয়েছেন ছয় নেতা। রোববার (১৭ নভেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ সামনে আসলে সেগুলো তদন্তের জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নতুন কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন, রায়হান হোসেনকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





