গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার (২৩ জুন) দিবাগত রাত ২টা ৩০মিনিটের দিকে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার কিছু সময় পর কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের পরিধি বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো মডার্ণ ফায়ার স্টেশনের দুইটি ও গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের দুইটিসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা জানান, মধ্যরাতে লাগা আগুন ভোর রাত ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।





