বিতর্কিত মডেল, অভিনেত্রী ও রিয়্যালিটি শো প্রতিযোগী উরফি জাভেদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, পুলিশের গাড়িতে তোলা হচ্ছে তাঁকে, অনেকটা জোর করেই। পুলিশের আচরণ দেখে মনে করা হচ্ছে প্র্যাঙ্ক নয়, সত্যিই আটক হয়েছেন এই মডেল।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে এক পাপারাজ্জির মাধ্যমে প্রকাশ্যে আসে ভিডিওটি। এতে দেখা যায়, আন্ধেরি লোখান্ডওয়ালা স্টারবাকস থেকে বের হচ্ছেন উরফি। তখনই তাঁর সঙ্গে কথা বলতে আসেন দু’জন মহিলা পুলিশ।
ভিডিওতে আরও দেখা যায়, একজন তাঁকে জিজ্ঞাসা করছেন, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?’ উরফি পাল্টা বলছেন, ‘আমি কেমন পোশাক পরব আমার ইচ্ছে।’ উরফিকে তাঁদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক মহিলা পুলিশকে। খানিকক্ষণ বাগবিতণ্ডা চলার পর পুলিশের গাড়িতে তোলা হয় উরফিকে। এখান থেকে তাঁকে গ্রেপ্তার জল্পনার সূত্রপাত। ‘ভাইরাল ভায়ানি’ নামের এক পাপারাজ্জির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিও ভাইরাল হয়েছে।
পুলিশের গাড়ির কাছে একজন পুরুষ পুলিশ কর্মকর্তা থাকলেও কোনো কথা না শুনেই গাড়িতে উরফিকে তুলতে বলেন।
সোশ্যাল মিডিয়ায় উরফির এই ভিডিও ছড়িয়ে পড়তেই নানা প্রশ্ন উঠেছে নেটিজেনের মনে। উরফির গ্রেপ্তারি এই ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করেছে নেটিজেনদের একাংশ। কেউ কেউ অবশ্য উরফির ভিডিওকে মশকরা বলেও উল্লেখ করেছেন। তবে ভিডিওটি সেটা ‘বলছে না’ বলেই অনেকের মত।





