Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

খেরসন হলো যুদ্ধ শেষের শুরু:জেলেনস্কি

admin • 14 Nov 2022, 10:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খেরসন হলো যুদ্ধ শেষের শুরু:জেলেনস্কি

খেরসনে যুদ্ধ শেষের শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সেনা প্রত্যাহারের পর আজ সোমবার (১৪ নভেম্বর) হঠাৎ করেই খেরসন সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হঠাৎ করেই সোমবার সদ্য রুশ সেনামুক্ত খেরসন সফরে যান ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি ইউক্রেনের সেনাদের উদ্দেশে বলেন, ইউক্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা এখন শান্তির জন্য প্রস্তুত।

শুক্রবার খেরসন থেকে সব সেনা প্রত্যাহার করা হয়েছে বলে ঘোষণা দেয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই দিনই ইউক্রেনের সশস্ত্র বাহিনী ইউনিট অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় বলে জানান জেলেনস্কি। এর মাত্র দুদিন পরই মুক্ত এলাকাটি সফর করেন দেশটির প্রেসিডেন্ট।

 

খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারকে বড় বিজয় হিসেবে দেখছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। যদিও রাশিয়া বলছে, অঞ্চলটি এখনো তাদের। ইউক্রেনে তাদের অভিযান চলবে।

 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর নিজে থেকেই খেরসনের মতো এলাকা থেকে সেনা প্রত্যাহারকে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বেশ বড় করে দেখছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারকে অনেকে এ যুদ্ধে ভ্লাদিমির পুতিনের পরাজয় হিসেবে দেখছেন। তবে মস্কো তা মানতে নারাজ। অবশ্য তারা এ নিয়ে খোলাখুলি কিছু বলছে না। এদিকে কিছু বিশ্লেষক এই সেনা প্রত্যাহারকে পুতিনের নয়া কৌশল হিসেবে দেখছেন।

 

সোমবার জেলনস্কির খেরসন সফর তাই গুরুত্বপূর্ণ। এই সফরে জেলেনস্কি বাহিনীর সদস্যদের সাথে কণ্ঠ মিলিয়ে ইউক্রেনের জাতীয় সংগীত গান। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন।

 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি সরাসরি বলেছেন, খেরসনে যুদ্ধ শেষের শুরু হয়েছে। ইউক্রেন শান্তির জন্য প্রস্তুত। বক্তব্যে তিনি ন্যাটোকে ধন্যবাদ জানান। বিভিন্ন উন্নত অস্ত্র দিয়ে সহযোগিতার জন্য তিনি বিশেষভাবে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

 

ইউক্রেনের সেনা কোন দিকে অগ্রসর হবে জানতে চাইলে জেলনস্কি বলেন, মস্কোর দিকে নয়। অন্য দেশের সীমানার ভেতরে আমাদের কোনো আগ্রহ নেই।

 

এ বিষয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ রয়টার্সকে বলেছেন, এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। তবে আপনারা তো জানেন, এই এলাকা রাশিয়ান ফেডারেশনের অংশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।