কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হালিম সর্দার ওই এলাকার মৃত কলম সর্দারের ছেলে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বকুল সর্দার একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
নিহতের পরিবারের দাবি, সকালে বাড়ি থেকে বের হয়ে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। এসময় মান্নান মেম্বারের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে (দেশীয় অস্ত্র) ফালা ছুড়ে মারা হয়। ফালাটি হালিমের গলায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল পক্ষের সঙ্গে ইউসুফ মেম্বার ও মেহেদী পক্ষের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে দফায়-দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এরজেরে শনিবার ভোরে চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য জড়ো হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় হালিম সর্দার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে ফালার আঘাতে নিহত হন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”





