কুষ্টিয়ায় অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর নারী বিভাগের ফাইনালে কুষ্টিয়া সদর থানা নারী কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে কুমারখালী থানা নারী কাবাডি দল।
(২৫ সেপ্টেম্বর) কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়ামে জমজমাট পরিবেশে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
ফাইনাল ম্যাচে দুর্দান্ত দলীয় নৈপুণ্য প্রদর্শন করে কুষ্টিয়া সদর থানা নারী দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় কুমারখালী থানা নারী দল। প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ চ্যাম্পিয়ন দলের মোছা. সাদিয়া খাতুন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
পুরস্কার গ্রহণের পর সাদিয়া খাতুন বলেন, “স্বপ্ন কুড়াই স্পোর্টস একাডেমিতে নিয়মিত অনুশীলন করার কারণেই আমরা আজ চ্যাম্পিয়ন হতে পেরেছি। এই কৃতিত্ব স্বপ্ন কুড়াই স্পোর্টস একাডেমির।”
উল্লেখ্য, কুমারখালী থানা নারী কাবাডি দলের সকল খেলোয়াড়ই স্বপ্ন কুড়াই স্পোর্টস একাডেমির সদস্য এবং খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। নিয়মিত প্রশিক্ষণ, ধারাবাহিক অনুশীলন ও সুসংগঠিত দলগত প্রস্তুতির মাধ্যমে তারা প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
স্বপ্ন কুড়াই স্পোর্টস একাডেমির সংশ্লিষ্টদের মতে, এই অর্জন শুধু একটি দলের সাফল্য নয়; বরং নারী ও তরুণ খেলোয়াড়দের ক্রীড়াঙ্গনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নিয়মিত প্রশিক্ষণ ও সুযোগ সৃষ্টির গুরুত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
কুমারখালী থানা নারী দলের এই সাফল্যে স্বপ্ন কুড়াই স্পোর্টস একাডেমির সদস্য, প্রশিক্ষক ও সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে আরও দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।





