মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুমারখালী এম.এন. হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোতালেব মিয়াকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে কুমারখালী কল্যাণ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আব্দুর রফিক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।
গণযোগাযোগ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মীর মোর্তজা আলী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের অর্থ সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন কবি ও নাট্যকার লিটন বিন আব্বাস এবং কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক জিল্লুর রহমান মধু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মীর ফরহাদ ফয়সাল রনি, ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম হিরো, সমন্বয়ক-পরিচালক মীর শাদাত হাসান শুভ, ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী এবং বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ বিশ্বাসসহ আরও অনেকে।
জানা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অসংখ্য শিক্ষার্থীর মধ্য থেকে প্রাথমিকভাবে ১৩৭ জনকে বাছাই করা হয়। সেখান থেকে চূড়ান্তভাবে ২৭ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও বিশ্বাস চক্ষু হাসপাতালের মাধ্যমে শিক্ষার্থী ও তাদের পরিবারকে হেলথ কার্ডের আওতায় স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।





