ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। সর্বমোট ১ কোটি ডলার প্রাইজমানি থাকছে এবারের আসরে। যেখানে শিরোপাজয়ী দলকে দেওয়া হবে ৪০ লাখ ইউএস ডলার। সর্বনিম্ন প্রাইজমানি থাকছে ৪০ হাজার ডলার।
গ্রুপপর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে এই পুরস্কার। নিজেদের ওয়েবসাইটে আজ ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানির পরিমাণ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর; নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফাইনাল খেলা দুই দল সর্বমোট ৬০ লাখ ডলার পাবে। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ। আর বাকি ২০ লাখ পাবে রানার্স আপ হওয়া দলটি।
সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৮ লাখ করে ১৬ লাখ ডলার। গ্রুপপর্বে বিদায় নেওয়া ছয়টি দল পাবে ১ লাখ করে সর্বমোট ৬ লাখ ডলার। গ্রুপপর্বেও অবশ্য রাখা হয়েছে প্রাইজমানি। এই পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। ৪৫টি ম্যাচে সর্বমোট দেওয়া হবে ১৮০০০ লাখ ডলার।
আইসিসি বিশ্বকাপের সর্বশেষ আসরেও অবশ্য প্রাইজমানি একই ছিল। অর্থাৎ, এবারও প্রাইজমানিতে কোনো ভিন্নতা নেই। একনজরে দেখে নিন বিশ্বকাপের প্রাইজমানি।





