যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। হ্যাকডের পর আইডি থেকে অনলাইন জুয়ার প্রচার করতে দেখা যায়। বর্তমানে অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভ করে রাখা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে হ্যাকডের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। সকলের প্রতি অনুরোধ, এই সময়ে তার আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তা যেন কেউ বিশ্বাস না করেন বা বিভ্রান্ত না হন।
এসব কর্মকাণ্ডের দায়ভার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের নয়; বরং এটি তার ভাবমূর্তি নষ্ট করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে দাবি করে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এরমধ্যে আইডি পুনরুদ্ধারের চেষ্টা চলমান রয়েছে। আইডি পুনরুদ্ধার হলেই তিনি আনুষ্ঠানিকভাবে সবাইকে অবহিত করবেন। সবার সহযোগিতা ও সচেতনতা কামনা করে মন্ত্রণালয়।





