ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে এবার এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিল বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বিকেলে এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রায় দেড় যুগ পর বাদ দেওয়া হয়েছে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে। ২০০৭ সালে ব্যাংকটির চেয়ারম্যান পদে নিয়োগ পান তিনি।
নতুন পর্ষদে রয়েছেন, মো. নুরুল আমিন, নজরুল ইসলাম স্বপন ও অঞ্জন কুমার সাহা। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম ও সনদধারী হিসাববিদ খন্দকার মামুনকে।
নতুন নিয়োগ পাওয়া পাঁচ পরিচালকের মধ্য থেকে ব্যাংকটির চেয়ারম্যান নিযুক্ত হবেন। এখন পর্যন্ত দেশের সাতটি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর।





