জাতীয়
আদালতের নির্দেশে সন্তানসহ কিশোরীকে কারাগারে বিয়ে: কিশোরকে মুক্তির নির্দেশ
admin
• 31 Aug 2022, 06:54 AM
• পঠিত 1 বার
আদালতের নির্দেশে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নিজের ঔরসজাত সন্তানসহ কিশোরীকে বিয়ে করায় রংপুরের পীরগাছার কিশোরকে ৬ মাসের জন্য জামিনে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩১ আগস্ট) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে কিশোরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সেলিনা আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
আদালতে অ্যাডভোকেট সেলিনা আক্তার বলেন,গতকাল যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৫ লাখ টাকা ও ৫০ হাজার টাকা গহনা দেনমোহরে কিশোর-কিশোরীর বিয়ে ও কাবিন সম্পন্ন হয়েছে। এ সময় আদালত কিশোরকে ৬ মাসের জন্য জামিনে মুক্তির নির্দেশ দেন। একইসঙ্গে তারা সংসার জীবনে সুখী হয়েছে কি না,তা পর্যবেক্ষণ করার জন্য আগামী ২৫ অক্টোবর বাবা-মাসহ কিশোর-কিশোরীকে আদালতে হাজির করতে নির্দেশ দেন।
এর আগে গত ২৮ আগস্ট রংপুরের পীরগাছায় প্রেমের সম্পর্ক করে অ-প্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীর সন্তান জন্মদানের ঘটনায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ের ব্যবস্থা করতে বলেন হাইকোর্ট। যশোর শিশু সংশোধনাগার কর্তৃপক্ষকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করতে বলেন আদালত।
ওইদিন অ্যাডভোকেট সেলিনা আক্তার বলেছিলেন, কিশোর-কিশোরীর অভিভাবক বিয়ের বিষয়ে তাদের সম্মতির কথা আদালতের কাছে বলেছেন। তখন আদালত বলেছেন, দুইজনই অ-প্রাপ্তবয়স্ক। কিন্তু তাদের সন্তান হয়েছে।
এ কারণে দুই পরিবার বিয়ে করানোর উদ্দেশ্যে যশোর শিশু সংশোধনাগারে গেলে তাদের সার্বিক সহযোগিতা করতে বলেছেন।
এর আগে রংপুরের পীরগাছায় প্রেমের সম্পর্ক করে অ-প্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীর সন্তান জন্মদান ও সন্তান জন্মের পরও তাদের বিয়ে না হওয়ার ঘটনায় অভিভাবকদের তলব করেন হাইকোর্ট।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





