টাঙ্গাইল সদরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামী মো. সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর তিন আসামি শ্বশুড় আব্দুল বারেক, শাশুড়ি ও ভাসুরকে খালাস দেয়া হয়েছে।
জানা যায়, সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় স্বামী মো. সোলায়মান পলাতক ছিলেন। সোলায়মান গালুটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
টাঙ্গাইল স্পেশাল জজ কোর্টের পিপি শাহজাহান কবির জানান, সোলায়মানের স্ত্রী আয়শা খানমের গায়ের রং কালো থাকায় তাদের সাথে প্রতিনিয়ত ঝগড়া হতো। ২০০৭ সালের ৫ মার্চ রাতে ঝগড়ার এক পর্যায়ে সোলায়মান তার স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুমের জন্য গালুটিয়া এলাকায় বাঁশঝাড়ে ফেলে দেন। পরদিন স্থানীয় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এ ঘটনায় আয়শা খানমের মামা আদম আলী বাদি হয়ে ৬ মার্চ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর স্বামী সোলায়মান, শ্বশুড় আ. বারেক, শাশুড়ি ও ভাসুরের নামে অভিযোগপত্র জমা দেন। আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণা করেন।





