Monday, 21 September 2026
শিরোনাম
খুলনা সারা দেশ

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

Mizanur Rahman • 21 Sep 2026, 07:14 PM • পঠিত 29 বার
শেয়ার করুন:
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

কুষ্টিয়ার কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতার এবং গ্রেফতার-জামিনের নাটক বন্ধের দাবিতে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণ ঘেরাও কর্মসূচি পালন করেছেন জেলার সর্বস্তরের সাংবাদিকরা।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালিত হয়। এর আগে, বেলা ১১টার পর আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন সাংবাদিকরা। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ।

 

সাংবাদিকরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহযোগিতা কামনা করলেও প্রথমে তাতে সাড়া মেলেনি। দীর্ঘ সময় পুলিশের সাথে বাগ্বিতণ্ডার পর কোর্ট ইন্সপেক্টর জহিরুল ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে আদালতের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে বলে জানান।

 

পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন। তবে তিনিও ফটক খুলতে রাজি হননি। একপর্যায়ে পুলিশের বাধার মধ্যেই আদালত চত্বরে প্রবেশ করেন বিক্ষুব্ধ সাংবাদিকরা। সেখানে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

 

সমাবেশে বক্তব্য দেন,কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাবেক সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সময়ের কাগজ পত্রিকার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাংবাদিক হাসান আলী, কে এম আর শাহিনসহ অন্যরা।

 

বক্তারা বলেন, কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসকে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি। অন্যদিকে, হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার পর জামিনে ছেড়ে দেয়ার ঘটনাকে তারা ‘পাতানো নাটক’ বলে অভিহিত করেন। এ ঘটনায় কুষ্টিয়ার প্রশাসনের রহস্যজনক ভূমিকারও তীব্র সমালোচনা করেন তারা।

 

সাংবাদিক নেতারা আরো বলেন, সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রভাব খাটিয়ে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ বন্ধ করা যাবে না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় জেলার সাংবাদিক সমাজ শুধু প্রতিবাদ নয়; এবার প্রতিরোধ গড়ে তুলবে।

 

সমাবেশ থেকে সাংবাদিক উল্লাসের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং গ্রেফতার-জামিনের নামে চলা কথিত নাটক বন্ধের দাবি জানানো হয়।

 

উল্লেখ্য, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমারখালী পৌর এলাকায় সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক উল্লাস। ওই দিন সন্ধ্যায় তিনি কুমারখালী থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।