ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনায় আছেন স্পেনের সার্জিও রামোস। প্রতি মৌসুমে ৬০ লাখ ইউরোতে চুক্তিবদ্ধ থাকা রামোস চুক্তি নবায়নের ব্যাপারে আলোচনা করার লক্ষ্যে নাসের আল খেলাইফির সঙ্গে আলোচনায় বসার কথা।
রামোসের সঙ্গে পিএসজির নতুন চুক্তি নবায়নের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের সেন্টারব্যাক মিলান স্ক্রিনিয়ার। স্লোভাকিয়ার এই ডিফেন্ডারের দিকে হাত বাড়ানোর পর ইতিবাচক সাড়া পেলে রামোসের সঙ্গে চুক্তি নবায়নের প্রক্রিয়া থমকে যেতে পারে।
পিএসজি ইতোমধ্যেই চুক্তির ব্যাপারে মৌখিকভাবে কথা বলেছে স্ক্রিনিয়ারের সঙ্গে, যেখানে ইতিবাচক সাড়া মেলেছে দুই পক্ষ থেকেই। মূলত, রামোসের পারফরম্যান্সে সন্তুষ্ট না হয়েই স্ক্রিনিয়ারের দিকে হাত বাড়ায় পিএসজি।
লিগের দ্বিতীয় মৌসুমে ক্লাবটির জার্সিতে রামোস প্রভাব রাখতে পারলেও পিএসজিতে যোগ দেওয়ার পর চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল এই ফুটবলারকে। দ্বিতীয় মৌসুমে রামোস ভালো খেললেও সেটি যথেষ্ট মনে হয়নি পিএসজির কাছে, আর তাই অভিজ্ঞ এই ডিফেন্ডারের পরিবর্তে স্ক্রিনিয়ারকে পেতে আগ্রহী ফরাসি ক্লাবটি।
সূত্র: মার্কা





