Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

admin • 03 Dec 2022, 11:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

ম্যাচের শুরুতে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন ক্রিস্টিয়ান পুলিসিক। ভুল করলেন না মেমফিস ডিপে। তার চমৎকার গোলের পর জালের দেখা পেলেন ডালে ব্লিন্ডও। কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে বিরতিতে যায় নেদারল্যান্ডস।

তৃতীয় মিনিটেই বড় সুযোগ পেয়ে যায় যুক্তরাষ্ট্র। টেইলর অ্যাডামসের ক্রস ডি-বক্সে ফাঁকায় পান ক্রিস্টিয়ান পুলিসিক। সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক। চেলসি ফরোয়ার্ডের নিচু শট পা দিয়ে ফেরান আন্ড্রিস নোপার্ট।

দশম মিনিটে মেমফিসের দারুণ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। গ্রুপের তিন ম্যাচেই গোল করা কোডি হাকপো মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ডান দিকে খুঁজে নেন ডেনজেল ডামফ্রিসকে। এই ডিফেন্ডারের পাস বক্সে ফাঁকায় পেয়ে প্রথম স্পর্শে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন বার্সেলোনা ফরোয়ার্ড।

এরপর পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউ। ৪৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে টিম ওয়েহর জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান নোপার্ট। পরের মিনিটে সের্জিনো দেস্তের শট প্রতিহত হয় রক্ষণে।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে ডাচরা। ডামফ্রিসের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান ডিফেন্ডার ডালে ব্লিন্ড।

ডাচ তারকা ডেনজেল ডামফ্রিস ম্যাচের ৮১ মিনিটে গোল করতেই মাথায় হাত দেন যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বারহল্টার। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উপস্থিত মার্কিন দর্শকদেরও হাত তখন মাথায়। তারাও বুঝতে পারলেন লড়াইটা সেখানেই শেষ। শুরুতে ২ গোলে পিছিয়ে পড়লেও চমকে ভরপুর বিশ্বকাপে যুক্তরাষ্ট্র চেয়েছিল পাশার দান উল্টে দিতে।

৭৬ মিনিটে ব্যবধান কমানোর পর সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হয়। তবে ডামফ্রিসের গোলটিতে শেষ হয়ে যায় যুক্তরাষ্ট্র ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা। যে কারণে ২০০২ সালের পর আবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ননটা অধরাই থেকে গেছে তাদের। অন্য দিকে ৮ বছর পর বিশ্বকাপে ফিরে দারুণ জয়ে বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।