Monday, 21 September 2026
শিরোনাম
ময়মনসিংহ সারা দেশ

মেলান্দহে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ভাঙচুর-সংঘর্ষ

Mizanur Rahman • 21 Sep 2026, 02:48 PM • পঠিত 16 বার
শেয়ার করুন:
মেলান্দহে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ভাঙচুর-সংঘর্ষ

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর :

 

জামালপুরের মেলান্দহে নতুন একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরে উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে।

 

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে মেলান্দহ পৌরশহরের চাকদহ নবীন ক্লাব মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় চার মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, চাকদহ গ্রামের পুরনো মসজিদে নামাজ আদায়কে কেন্দ্র করে স্থানীয়দের একাংশের সঙ্গে পাশের এলাকার লোকজনের বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে এক পক্ষ আগের মসজিদে নামাজ না পড়ে এলাকায় নতুন একটি অস্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়।

 

রোববার সকালে ওই অস্থায়ী মসজিদ নির্মাণের কাজ শুরু হলে আগের মসজিদ কমিটির সভাপতি আব্দুল মান্নান, আব্দুল মালেক ও নুর মোহাম্মদ সুরুসহ কয়েকজন এতে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে।

 

এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে প্রতিপক্ষের লোকজন লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে নতুন মসজিদ নির্মাণ কমিটির নজরুল ইসলাম ও তাঁর সহযোগীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তাঁরা।

 

এতে নজরুল ইসলামসহ কয়েকজন আহত হন এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। এছাড়া নির্মাণাধীন অস্থায়ী মসজিদটি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। ভাঙচুর ও লুটপাটে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থল ছাড়ার সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

 

এ ঘটনায় গতকাল বিকেলেই মো. নজরুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২২ জনকে অভিযুক্ত করে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অন্যদিকে, শান্ত এলাকায় বিভেদ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে প্রতিপক্ষও থানায় মৌখিক অভিযোগ দিয়েছে বলে জানা গেছে।

 

মারধর ও লুটপাটের বিষয়ে জানতে চাইলে অভিযোগটি সঠিক নয় বলে জানিয়েছেন অভিযুক্ত আব্দুল মান্নানসহ অন্যরা।

 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমি ও মসজিদ নির্মাণ নিয়ে দুই পক্ষেরই লিখিত অভিযোগ রয়েছে। উভয় পক্ষকে ডেকে কথা বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাহিদ/ মিরর 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।