Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত

বার কাউন্সিল আইন যুগোপযোগী করার পরামর্শ হাইকোর্টের

admin • 01 Dec 2023, 10:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বার কাউন্সিল আইন যুগোপযোগী করার পরামর্শ হাইকোর্টের

বাংলাদেশ বার কাউন্সিল আইন ও বিধি যুগোপযোগী করার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। রায়ে আদালত বলেছে, বার কাউন্সিল আইন ও বিধিতে পেশাগত অসদাচরণের কোন সংজ্ঞা নেই। পেশাগত অসদাচরণের সংজ্ঞা না থাকলেও এ ধরনের আনীত অভিযোগে বার কাউন্সিল ট্রাইব্যুনাল কর্তৃক অনবরত আইনজীবীরা শাস্তির মুখোমুখি হচ্ছেন।

 

যেখানে পেশাগত অসদাচরণের সংজ্ঞাই নাই সেখানে এ ধরনের অভিযোগে আইনজীবীদের শাস্তি প্রদান কতটা যুক্তিযুক্ত। এ কারণে বার কাউন্সিলের উচিত আইনজীবীদের শাস্তি প্রদানের পূর্বে পেশাগত অসদাচরণের বিষয়ে সংজ্ঞা নিরূপণ করা। গুরুতর পেশাগত অসদাচরণের অভিযোগে শাস্তিপ্রাপ্ত এক আইনজীবীর আপিলের রায়ে গতকাল মঙ্গলবার এ পরামর্শ দিয়েছেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ। বার কাউন্সিল আইন ও বিধি এবং পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা পর্যালোচনা করে এ রায় দিয়েছেন হাইকোর্ট।

 

রায়ে হাইকোর্ট বলেছে, একজন শিক্ষানবিশ আইনজীবীকে ইনটিমেশন ফরমে শুরুতেই ঘোষণা দিয়ে বলতে হয় তিনি অন্য কোন পেশায় নিয়োজিত নেই। কিন্তু এই ঘোষণা কতটা বাস্তবসম্মত। বার কাউন্সিল আইনের ২৭(১) অনুচ্ছেদে বলা হয়েছে, অ্যাডভোকেট হিসাবে অন্তর্ভূক্তির জন্য বয়স ২১ বছর পূর্ণ হতে হবে।

   

কিন্তু কত বছর বয়সের পর আর আইনজীবী হওয়া যাবে না সেই বিষয়ে কোন বয়সসীমা নির্ধারণ করে দেওয়া নাই আইনে। এ কারণে অন্য কোন পেশা বা ব্যবসায় নিয়োজিত থাকলেও একজন ব্যক্তি আইনজীবী হওয়ার লক্ষ্যে শুরুতেই বার কাউন্সিলের ইনটিমেশন ফর্মে মিথ্যা ঘোষণা দিয়ে দিচ্ছেন। সেজন্য ইনটিমেশন ফর্মে এই ঘোষণা দেওয়ার শর্ত কতটা বাস্তবসম্মত, তা বার কাউন্সিলকে ভেবে দেখার সময় এসেছে।

 

আদালত বলেন, বিপুল সংখ্যক আইনজীবী আছেন যারা উকালতি পেশার পাশাপাশি অন্য কোন পেশায় বা ব্যবসায় নিয়োজিত রয়েছেন। আইন পেশার পাশাপাশি অন্য পেশায় নিয়োজিত আইনজীবীদের বিরুদ্ধে বার কাউন্সিল কি আদৌ কোন ব্যবস্থা নিয়েছে, নেয়নি।

   

হয়ত কারো অভিযোগ পেয়ে এ ধরনের পেশাগত অসদাচরণের কারণে কাউকে কাউকে শাস্তি দিয়েছে, তবে সবাইকে নয়। আমরা মনে করি এক্ষেত্রে একটা হযবরল অবস্থা বিরাজ করছে। তাই এসব ক্ষেত্রে বার কাউন্সিল আইন ও বিধিতে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়ার সুযোগ আইনজীবীদের এই নিয়ন্ত্রক সংস্থার রয়েছে বলে মনে করে হাইকোর্ট।

 

রায়ে হাইকোর্ট আরও বলেছে, আইনজীবী পেশায় আসার জন্য প্রতি বছরই বিপুল সংখ্যক আইনজীবীকে সনদ প্রদান করছে বার কাউন্সিল। সনদধারীদের সবাই যে আদালতে প্র্যাকটিসিং ল’ইয়ার তা নয়। নন প্র্যাকটিসিং ল’ ইয়ারও রয়েছেন। কারা প্র্যাকটিসিং ল’ ইয়ার এবং কারা নন প্র্যাকটিসিং ল’ইয়ার সেই বিষয়েও বার কাউন্সিলের একটা মনিটরিং ব্যবস্থা থাকা দরকার।

 

প্রসঙ্গত, ১৯৮৫ সালের ৩১ ডিসেম্বর সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক হিসাবে যোগ দেন বাবু ক্ষিতিশ চন্দ্র রায়। ২০১০ সালের ১৫ ডিসেম্বর তিনি নীলফামারী জেলা বারের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। শিক্ষকতা পেশায় থাকলে তিনি সনদ সাময়িক স্থগিত রাখার কোন আবেদন বার কাউন্সিলে করেননি। এ কারণে তার বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ আনে এক ব্যক্তি।

   

সেই অভিযোগে তাকে বার কাউন্সিল আইনের ৩২(১) বিধান অনুযায়ী চিরতরে আইন পেশা থেকে বহিষ্কার করা হয়। বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। ওই আপিল আংশিক মঞ্জুর করে হাইকোর্ট তার আইনজীবী সনদ ফিরিয়ে দেয়। অর্থাৎ এখন থেকে ওই ব্যক্তি আইন পেশায় নিয়োজিত হতে পারবেন বলে জানান তার আইনজীবী মো. আব্দুল হক। এই মামলায় আদালতে অ্যামিকাসকিউরি হিসাবে বক্তব্য দেন বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।