Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

পেলেকে শেষবিদায় জানাতে ব্রাজিলে নেইমাররা

admin • 03 Jan 2023, 08:04 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পেলেকে শেষবিদায় জানাতে ব্রাজিলে নেইমাররা

৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা কিংবদন্তি পেলে। সোমবার খুব ভোরে তার কফিন আনা হয়েছে সান্তোসের মাঠে। এখান থেকেই শুরু হবে তার শেষযাত্রা। মঙ্গলবার সকালে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন সান্তোসের মাঠ ভিলা বেলমিরোর পাশেই নেকরোপল একিউমেনিকাতে। 

ফ্রান্সের পত্রিকা লেকিপ জানিয়েছে, নেইমার পিএসজি থেকে ছুটি নিয়ে সাও পাওলো গেছেন পেলের শেষকৃত্যে যোগ দিতে। বিশ্বকাপ শেষে পিএসজিতে ফিরেই অবশ্য স্ত্রাসবুর্গের বিপক্ষে প্রথম ম্যাচে লাল কার্ড দেখেছেন।

পেলের সঙ্গে বরাবরই অন্তরঙ্গ সম্পর্ক ছিল নেইমারের। পেলের মতো নেইমারেরও তারকা হয়ে ওঠা সান্তোসের আঙিনায়। সান্তোস থেকেই নেইমার নাম লেখান বার্সেলোনায়, সেখান থেকে পিএসজিতে। দুজনই সান্তোসের হয়ে জিতেছেন লাতিন ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা লিবার্তোদোরেস।

পেলের মৃত্যুর পর নেইমার লিখেছিলেন, ‘পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। আমি কোনো একসময় কোথায় জানি এটা পড়েছিলাম। সুন্দর হলেও সেটা ছিল অসম্পূর্ণ। আমি বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন। 

তিনি ফুটবলকে শিল্পে বদলে দিয়েছেন, আনন্দে ভরিয়ে দিয়েছেন। তিনি দরিদ্রদের, কালোদের কণ্ঠস্বর দিয়েছেন। বিশেষ করে ব্রাজিলিয়ানদের দৃশ্যমান করেছেন। ফুটবল এবং ব্রাজিলের মানকে ওপরে তোলার জন্য রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন, কিন্তু তার জাদু থেকে গেল। পেলে চিরন্তন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।