কুষ্টিয়ায় গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওতে অন্ধকারে ১২ থেকে ১৩ জনকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মিছিলের বিষয়টি নিশ্চিত করেন।
ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১২ থেকে ১৩ জন সদস্য অন্ধকারে একটি স্থানে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তবে ভিডিওটির স্থান ও এতে থাকা ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে ধারণ করা দাবি করা ওই ভিডিওটি ‘মীর আহসানুল হাসান’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়। ভিডিওতে মিছিলকারীদের ‘মোদের নেতা শেখ মুজিব’, ‘কুষ্টিয়া জেলা ছাত্রলীগ’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওটির একটি অংশে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার নামও উল্লেখ করতে শোনা যায়। সেখানে একজনকে বলতে শোনা যায়, ‘খাজানগরে কোনো নেতা আছে? কোন সে নেতা? শেখ হাসিনা।’
এদিকে ভিডিওটি পুলিশের নজরেও এসেছে বলে জানিয়েছে কুষ্টিয়া মডেল থানা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিওটির সূত্র ধরে মিছিলের স্থান ও এতে অংশ নেওয়া ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, এটি রাতের ঘটনা। ভিডিওটি আমাদের হাতে এসেছে। জড়িতদের পরিচয় নিশ্চিত করতে পেরেছি। অভিযান চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





