বিশ্বকাপের চলতি আসরে টানা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকাকে হারিয়ে ফুরফুরে মেজাজেই ছিল পাকিস্তান ক্রিকেট দল। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১৯১ রানে অলআউট হয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাবর আজমরা।
গত শুক্রবার ভারতের বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড ৩৬৮ রান তাড়া করতে নেমে ৩০৫ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচ হারে ৬২ রানে।
ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে মানসিকভাবে চাপে রয়েছে পাকিস্তান। ঘরে-বাইরে বাবর আজমের নেতৃত্বাধীন দলকে নিয়ে সমালোচনা হচ্ছে।
আগামীকাল সোমবার চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সেই ম্যাচে হারলে সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাবে বাবর আজমদের।
আফগান ম্যাচের আগে পাকিস্তানের তারকা ওপেনার ইমাম-উল-হক বলেছেন, আপনি যদি ৩৬৭ তাড়া করেন, আপনাকে ঝুঁকি নিতে হবে। আমি একমত যে আমরা বড় ইনিংস খেলতে পারছি না, শেষ দুটি ম্যাচে ভালো খেলতে পারিনি। আমরা আমাদের পরিস্থিতি বিশ্লেষণ করেছি, আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে একটি ভিন্ন পাকিস্তানকে দেখতে পাবেন।
পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম-উল-হকের ভাতিজা আরও বলেন, পরপর দুই ম্যাচ হারায় মনোবল কমে গেছে; কিন্তু আমরা একে অপরকে সমর্থন করি এবং ম্যানেজমেন্টও খেলোয়াড়দের সমর্থন করছে। আফগানিস্তানের বিপক্ষে জিতে ট্র্যাকে ফিরতে আমরা আত্মবিশ্বাসী।





