Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৭৮০ যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে ‘পর্যটক এক্সপ্রেস’

admin • 10 Jan 2024, 09:05 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
৭৮০ যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে ‘পর্যটক এক্সপ্রেস’

অত্যাধুনিক ১৬টি কোচে ৭৮০ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে ‘পর্যটক এক্সপ্রেস’। প্রথম যাত্রায় বুধবার (১০ জানুয়ারি) ভোর সোয়া ৬টায় কমলাপুর ছেড়ে যায় ট্রেনটি। যাত্রীদের প্রত্যাশা, যাত্রীসেবার মান থাকুক অনন্য, গুরুত্ব দিয়ে দেখা হোক নিরাপত্তার বিষয়টি।

গেল বছরের ১ ডিসেম্বর রাজধানীর সঙ্গে রেলপথে যুক্ত হয় সৈকত শহর কক্সবাজারের। সরাসরি চালু হয় ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা। ধরা দেয় এক বহুল আকাঙ্ক্ষিত স্বপ্ন। যেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা ছিল বহুবছরের।

সে পালে এবার হাওয়া লাগলো নতুন করে। কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে পাল্লা দিয়ে যাত্রা শুরু করলো আরেকটি ট্রেন। পর্যটন নগরী কক্সবাজারের আদলে যার নাম দেওয়া হয়েছে ‘পর্যটক এক্সপ্রেস’।

'পর্যটক এক্সপ্রেস' ট্রেনের সময়সূচি:

কক্সবাজার স্টেশন থেকে ৮১৫ নম্বর ট্রেনটি রাত ৮টায় ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে। ২৫ মিনিট বিরতি দিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছাড়বে রাত ১১টা ১৫ মিনিটে। এরপর বিরতিহীনভাবে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে ভোর সাড়ে ৪টায়।

অন্যদিকে ৮১৬ নম্বর ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬টা ১৫ মিনিটে ছেড়ে বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে ভোর ৬টা ৩৮ মিনিটে। সেখানে ৫ মিনিট বিরতি দিয়ে ভোর ৬টা ৪৩ মিনিটে বিমানবন্দর স্টেশন ছাড়বে। এরপর বিরতিহীনভাবে চট্টগ্রাম পৌঁছাবে বেলা ১১টা ২০ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছাড়বে। কক্সবাজার স্টেশনে পৌঁছাবে বিকেল ৩টায়।

এক্ষেত্রে ঢাকা থেকে কক্সবাজার যাত্রাপথে ট্রেনে মোট সময় লাগবে ৯ ঘণ্টা ১৫ মিনিট। কক্সবাজার থেকে ঢাকা যাত্রাপথে ট্রেনে মোট সময় লাগবে ৮ ঘণ্টা ৩০ মিনিট।

এর আগে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন নির্মাণ করা রেলপথ উদ্বোধন করেন। এরপর গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে প্রথম বাণিজ্যিক ননস্টপ আন্তঃনগর ট্রেন চলাচল শুরু। সেই ধারাবাহিকতায় ১০ জানুয়ারি থেকে কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে ‘পর্যটক এক্সপ্রেস’ নামে দ্বিতীয় বাণিজ্যিক ননস্টপ আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।