Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা: এখনো ধরাছোঁয়ার বাইরে আসামিরা

admin • 16 Aug 2023, 03:54 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাংবাদিক নাদিম হত্যা: এখনো ধরাছোঁয়ার বাইরে আসামিরা

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক বাংলানিউজ ২৪ এর সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার দুই মাস পুর্ণ হলেও।

দুই মাসেও মামলার এজাহারভুক্ত বেশিরভাগ আসামিই রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন, জেলার সব সাংবাদিকসহ স্থানীয়রা। দ্রুত সব আসামিকে আইনের আওতায় আনার দাবি তাদের।

পুলিশ বলছে, সব সময় আসামিরা লোকালয়ে ঘুরে বেড়ায় না। এছাড়া পুলিশের কাজের নিজস্ব কিছু ধরন থাকে। তাই আসামিদের গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে। তবে শিগগিরই সব আসামিকেই গ্রেপ্তার করা হবে।

জানা গেছে, নাদিম হত্যার ঘটনায় গত ১৭ জুন বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম। মামলায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সদ্য বহিষ্কৃত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। মামলায় এ পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন আসামি বাবুর ছেলে রিফাত, রাকিবিল্লাহ রাকিব, লিপন মিয়া, স্বপন মণ্ডলসহ এজাহারভুক্ত বেশিরভাগ আসামি।

এদিকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বাবুসহ তিনজন। ইতোমধ্যে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনবার জামিনের আবেদন করেছেন বাবুসহ কয়েকজন। তবে তাদের জামিন না মঞ্জুর হওয়ায় কারাগারেই রয়েছেন ১৭ আসামি। অপরদিকে সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন এ হত্যা মামলার এজাহারভুক্ত ৫ আসামি।

নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী, এসপি স্যারের কাছে গিয়েছি, তারা সবাই বলেছেন এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হবে। তাদের আইনের আওতায় আনা হবে। আমাকে প্রশাসন বার বার বলছে যে- আপনি আমাদের ওপর ভরসা রাখেন। আমি প্রশাসনের ওপর ভরসা রেখেছি। কিন্তু আমি মামলা করার পরে এখন পর্যন্ত এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। কেউ কেউ উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। এখন আসামিরা আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। অনিশ্চয়তা ও ভীতির মধ্য দিয়ে আমাদের দিন কাটছে।’

কান্না জড়িত কণ্ঠে নিহত নাদিমের মা আলেয়া বেগম বলেন, ‘আমার ছেলে গোলাম রব্বানী নাদিম। দুই মাস হলো ওকে হত্যা করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আসামিরা আমাদের হুমকি দিচ্ছে। অনেক আতঙ্কে আছি। তবে আইনের লোক চুপ করে আছে। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, দ্রুত যেন সব আসামিকে গ্রেপ্তার করা হয়।’

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, ‘যেহেতু পাঁচ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে। তাহলে পলাতক আসামিরা দেশেই আছে। পুলিশ কেনো তাদের গ্রেপ্তার করতে পারছে না, এটা জনমনে প্রশ্ন। আমরা জোর দাবি জানাচ্ছি- অনতিবিলম্বে এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আর আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মামলাটি দ্রুত বিচার আইনে দেয়ার জোর দাবি জানাচ্ছি।’

জামালপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, নাদিম হত্যা মামলার প্রতিটি আসামিকে গ্রেপ্তার করা হবে।

আমাদের কার্যক্রম চলমান আছে। সব সময় আসামিরা ওপেনে ঘুরে বেড়ায় না। এছাড়া আমাদের কাজের কিছু প্রসেস থাকে। এই প্রসেসের মধ্য দিয়েই আমরা এগুচ্ছি। তবে শিগগিরই এ মামলার তদন্ত কাজ শেষ হবে। প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সদ্য বহিষ্কৃত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন বাংলানিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।