ঢাকা জেলা প্রশাসনের মতিঝিল রাজস্ব সার্কেলের আওতাধীন কদমতলী মোজায় ‘ঢাকা ম্যাচ ফ্যাক্টরি’ সংলগ্ন প্রায় ৯ কোটি টাকা মূল্যের ১৭ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার অভিযান চালিয়ে এ খাস জমি উদ্ধার করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন জানায়, মতিঝিল রাজস্ব সার্কেলের কদমতলী মৌজার ১ নম্বর খতিয়ানের সিটি ৭৮১৫ নম্বর দাগের ১৭ শতক জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক দর প্রায় ৯ কোটি টাকা। এ খাস জমিতে দীর্ঘদিন ধরে স্থানীয় অসাধু বালু ব্যবসায়ীরা বালু স্টক ও বিক্রয় করে আসছিলেন।
ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করেন। একইসঙ্গে খাস জমির সীমানা চিহ্নিত করে লাল নিশান ও মালিকানা সাইনবোর্ড টানিয়ে সরকারের পক্ষে ঢাকা জেলা প্রশাসন এই জমি দখলে নেয়।





