আজ রাজধানী ঢাকায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকাসহ সারা দেশের বেশির ভাগ এলাকায় কয়েক দিন ধরেই তীব্র শীত। এর মধ্যে ২২টি জেলায় এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, এই শীত মৌসুমে এর আগে কখনো এ রকম পরিস্থিতি দেখা যায়নি। বিপদের কথা হচ্ছে, আজ মঙ্গলবার দিনের প্রথম ভাগে শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রায় পৌঁছাতে পারে। যার অর্থ, শীতের তীব্রতা আরও বাড়বে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ভেতরে এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে পুরো রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায়। এর পাশাপাশি একই ধরনের আবহাওয়া বিরাজ করছে আরও ছয় জেলা যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জে। শৈত্যপ্রবাহ আজও থাকবে এবং তাপমাত্রা আরও কমে আসবে। তবে আজ রাতের দিকে তাপমাত্রা সামান্য বাড়বে।
গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছী ও দিনাজপুরে। এই দুই জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।





