ভোলার মেঘনায় ড্রেজার ডুবিতে নিখোঁজ ২ জনের লাশ তিনদিন পর উদ্ধার করা করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।
রোববার রাতে ভোলার মেঘনা নদীর গাজীপুর চর নামক এলাকা থেকে বালু উত্তোলনের সময় আফসানা-১ নামের ড্রেজারটি পাঁচ শ্রমিক নিয়ে ডুবে যায়। ঘটনার পর সোমবার সকাল থেকে ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ড্রেজার শনাক্ত হওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে আবারো উদ্ধার অভিযান শুরু হলে দুই জনের লাশ উদ্ধার কর হয়। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় ভোলা মডেল থানায় রোববার রাতে একটি জিডি করা হয়।
নিখোঁজ পাঁচ শ্রমিক হলেন মো. হারুন, আরিফুর ইসলাম, সিয়াম আহমেদ, নুর উদ্দিন ও তানজিল আহমেদ। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউপির পাঙ্গাশিয়া গ্রামে।
ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, নিখোঁজদের সন্ধানে নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের টিম সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে।





